বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক লিটু সিকদার হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদ খান মিল্টনের জামিন বাতিল, পুনরায় গ্রেপ্তার এবং মামলার দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে নগরীর কাউনিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
বিক্ষোভে অংশ নেওয়া কাউনিয়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, লিটু সিকদার হত্যা মামলায় অভিযুক্ত রিয়াজ মাহমুদ খান মিল্টন অতীতে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে এলাকায় পুনরায় প্রভাব বিস্তার করছেন। তাদের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডসহ নানা অভিযোগ উঠেছে। এসব কারণে কাউনিয়া, নতুন বাজার ও বাগানবাড়ী এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছেন বলে তারা অভিযোগ করেন।
সমাবেশে স্থানীয় বাসিন্দা রোকসানা বেগম অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অতীতে একাধিকবার অভিযুক্তকে গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও এলাকায় প্রভাব বিস্তার করছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তিনি লিটু হত্যা মামলায় অভিযুক্তের জামিন বাতিল, পুনরায় গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভকারীরা আরো বলেন, একই দাবিতে এর আগেও তারা থানা ঘেরাও, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। স্থায়ী কোনো সমাধান না হওয়ায় তারা আবারো রাজপথে নেমেছেন। দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে মামলার নিষ্পত্তি এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান তারা।
উল্লেখ্য, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক লিটু সিকদার হত্যা মামলায় মো. রিয়াজ মাহমুদ খান মিল্টন প্রধান আসামি হিসেবে অভিযুক্ত। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









