সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে আলফাত স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দাওয়াতুল হক্ব ইসলামী যুব সংঘ ও বুড়িস্থল এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় বিপুলসংখ্যক সচেতন নাগরিক, অভিভাবক ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
প্রদোৎ রঞ্জন দাশের সভাপতিত্বে এবং মো. আব্দুল লতিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সহকারী শিক্ষক নাঈমাহ সুলতানা এবং মো. শামসুদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ জুলাই হাসননগর থেকে আসা বহিরাগত মাদক চোরাকারবারি ও অপরাধী সাইফুল হক বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। একই সাথে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসী সাইফুলকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আহত শিশুটিকে বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত সাইফুলের পরিবারের প্রায় প্রতিটি সদস্যই মাদকের ব্যবসা ও নানা অসামাজিক অপরাধের সাথে যুক্ত। বুড়িস্থল গ্রামে নতুন বসতি স্থাপন করে তারা পুনরায় এলাকার সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করছে। এই জঘন্য ঘটনার পর থেকে এলাকার নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
মানববন্ধন শেষে বুড়িস্থল গ্রামের সামাজিক নিরাপত্তা জোরদার, নারী-শিশুদের জানমালের হেফাজত এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ধর্ষক সাইফুল হকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে। অনুলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য (সুনামগঞ্জ-০৪), পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক দপ্তরগুলোতে। প্রদেয় স্মারকলিপির সাথে বুড়িস্থল এলাকাবাসীর পক্ষে একটি বিশাল গণস্বাক্ষর কপিও যুক্ত করা হয়।
এলাকাবাসীর হুঁশিয়ারি, দ্রুততম সময়ের মধ্যে এই মামলা ত্বরান্বিত করে ধর্ষক সাইফুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









