রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ও ছেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ। নৌ পুলিশ, রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকার পদ্মা নদী থেকে নিহত মাঝি কাওসার আলীর ছেলে জিয়ারুল হকের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
নৌ পুলিশ সুপার আরো জানান, নিহত দুজনের মরদেহ গত দুই দিন থেকে তারা এবং স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তন্ন তন্ন করে খুঁজছিলেন। নদীতে প্রবল স্রোত থাকায় মরদেহ দুটি দূর্ঘটনাস্থল থেকে বহু দূরে ভেসে যায়। যাদের একজনের মরদেহ কুষ্টিয়া বাংলাবাজার পাকশী ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে ভেসে ওঠে। উদ্ধার হওয়া বাবা ছেলের মরদেহ এরই মধ্যে তাদের বাড়ি কাটাখালি থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার রাজশাহীর পদ্মা গার্ডেন এলাকায় নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার সকালে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে। সকাল ৮টায় কুষ্টিয়া বাংলাবাজার পাকশী ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ডুবে যাওয়া নৌকাটির মাঝি কাওসার আলীর (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ।
উল্লেখ, মঙ্গলবার দুপুরে রাজশাহীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত ঝাউগাছ বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌকার মাঝি বাবা ও ছেলে নিখোঁজ ছিলেন। চর মাজারদিয়ার এলাকা থেকে ৮ জন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে ইঞ্জিনচালিত একটি নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি মাঝনদীতে পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এবং পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করেও তাদের কোন খোঁজ পাননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









