বগুড়ার সারিয়াকান্দিতে মথুরাপাড়া আনিলা জাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল ইসলামের নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং অশালীন আচরণের প্রতিবাদে তার পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিদ্যালয়ের ছাত্রীরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক ও স্থানীয় অভিভাবকবৃন্দ।
গত কয়েক দিন ধরে চলা অসন্তোষের চূড়ান্ত রূপ হিসেবে বৃহস্পতিবার শিক্ষার্থীরা এই আন্দোলনে নামে। আন্দোলনরত ছাত্রীদের প্রধান অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল ইসলাম নিয়মিত ক্লাসে আসেন না। এমনকি স্কুলে উপস্থিত হয়ে কোনো ক্লাস না নিয়েই স্কুল ছুটির আগেই তিনি চলে যান।
এছাড়া তিনি কথায় কথায় ছাত্রীদের সাথে অশালীন, দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ করেন। বিদ্যালয়ের বিভিন্ন তহবিল তছরুপ, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রতিষ্ঠানে শিক্ষক ঘাটতি থাকা সত্ত্বেও তা পূরণে তিনি কোনো ধরনের পদক্ষেপ নেননি।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, একজন শিক্ষকের এমন অশোভনীয় আচরণ ও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর ফলে বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বারবার সতর্ক করার পরও তার আচরণে কোনো পরিবর্তন না আসায় বাধ্য হয়ে শিক্ষক ও অভিভাবকরাও এই আন্দোলনে সমর্থন জানান।
বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিক্ষোভ করাচ্ছে।
মথুরাপাড়া আনিলা জাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম জানান, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









