পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর অংশ হিসেবে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ২৮০০ ফলদ চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিদ্যালয় মাঠে এই চারা বিতরণ করা হয়।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি ও সহকারী এটর্নি জেনারেল এ্যাডভোকেট আরিফুর রহমান আরিফের সার্বিক তত্ত্বাবধানে চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌরমেয়র ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদ্দাম হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন ওর রশীদ, স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন, সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শাহজাহান গাজী প্রমুখ।
স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন জানান, পরিবেশ সংরক্ষণ এবং আগামীর পৃথিবী নির্মল বাসযোগ্য রাখতে বৃক্ষের বিকল্প নেই। তিনি ছাত্র-ছাত্রীদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানান এবং আস- সুন্না ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
সহকারী এটর্নি জেনারেল এ্যাডভোকেট আরিফুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘ভবিষ্যতে আমার জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন সবসময় মানবিক কাজের মাধ্যমে মানুষের সেবা করে যাচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









