সিলেটের গোলাপগঞ্জে মতবিনিময় সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহনকারী গাড়িতে দুইদফা হামলার ঘটনা ঘটেছে। হামলায় গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। এ ছাড়া গোলাপগঞ্জের পাঁচমাইল এলাকায় চাপাতি ও রামদা নিয়ে আবারও হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছেন সারজিস আলম। এ ঘটনায় হামলার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে গাড়িবহর বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিব্বির আহমদ জানান, সারজিস আলমের গাড়ির পাশাপাশি এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়িতেও হামলা হয়েছে। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের বহনকারী কয়েকটি গাড়িও হামলার শিকার হয়েছে বলে তিনি দাবি করেন।
এনসিপির নেতাদের ভাষ্য, সভা শেষে গাড়িবহর অডিটোরিয়াম এলাকা ত্যাগ করার সময় কয়েকজন ব্যক্তি সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেন। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায় এবং ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় সেখানে উপস্থিত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন বলে তারা অভিযোগ করেন। পরে পুলিশি পাহারায় সারজিস আলমকে বহনকারী গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা দেয়।
এ বিষয়ে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরাই এ হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, সিলেটে ফেরার পথে পাঁচমাইল এলাকায় চাপাতি ও রামদা নিয়ে আবারও হামলার চেষ্টা করা হয়েছে।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। তিনি বলেন, ‘‘ছাত্রদলের কোনো নেতা-কর্মী সেখানে জড়িত ছিলেন না। বরং নেতা-কর্মীদের কোনো ধরনের বাধা না দেওয়ার নির্দেশনা ছিল।’’
তার দাবি, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ হলেও আহতদের খোঁজ না নেওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে তিনি শুনেছেন।
এর আগে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সাত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









