শরীয়তপুরের জাজিরা উপজেলায় শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাসের চাপায় গুরুতর আহত হকার রুহুল আমিন দেওয়ান (৭২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুহুল আমিন দেওয়ান জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকার মৃত মহর আলী দেওয়ানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বাসে হকারি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নড়িয়া থেকে ঢাকাগামী শরীয়তপুর সুপার সার্ভিসের (ঢাকা মেট্রো-ব-১৫-৯০৭৮) একটি বাসে হকারি শেষে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে নামার সময় অসাবধানতাবশত বাসটির পেছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন রুহুল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, শরীয়তপুর সুপার সার্ভিসের বাসগুলো দীর্ঘদিন ধরেই অনেক ক্ষেত্রে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর অভিযোগ রয়েছে। যাত্রী ওঠানামার সময়ও অনেক চালক প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন না। তাদের দাবি, এ ধরনের দায়িত্বহীনতার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শরীয়তপুর সুপার সার্ভিসসহ সব গণপরিবহনের চালকদের বিরুদ্ধে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।
খবর পেয়ে জাজিরা থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জাজিরা পুরাতন বাজার এলাকা থেকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









