নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, অতীতে রাজনৈতিক বিভাজন ও রশি টানাটানির কারণে নারায়ণগঞ্জ নগরী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তবে সেই পরিস্থিতি এখন আর নেই। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে সুখী, সমৃদ্ধশালী, ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, আগে এই শহরে রশি টানাটানির কারণে আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছি। তবে সেই পরিবেশ আর এখন নেই, আমরা সেখান থেকে উত্তরণ লাভ করেছি। আমরা সকলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে এই নারায়ণগঞ্জকে একটি সুখী, সমৃদ্ধশালী, ব্যবসা ও শিক্ষা-সংস্কৃতি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলব। বাজেট বক্তৃতায় তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব গ্রহণের পর ২৫ ফেব্রুয়ারি তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য তিনি বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করা জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এবং গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত রাখতে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনায় জনপ্রতিনিধি, প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় নারায়ণগঞ্জকে একটি পূর্ণাঙ্গ বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষ একা কিছু করতে পারে না। সবকিছুর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আজ আমাদের মাঝে সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জ আমাদের সবার। আমরা সবাই মিলে এই নগরীর মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাব।
বক্তব্যের শুরুতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মুক্তিযুদ্ধের বীর শহীদ, গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বাজেট ঘোষণার সময় প্রশাসকের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জামায়াতে ইসলামীর মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলনের জেলার সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









