পাবনার আটঘরিয়া উপজেলায় গীতা রানী (৪৫) নামে এক ব্র্যাক মাধ্যমিক স্কুলের শিক্ষিকাকে হত্যার পর মরদেহ বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে। হত্যার পর আলামত নষ্ট করতে দুর্বৃত্তরা বসতঘরেও আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত গীতা রানী ওই গ্রামের নন্দ দাসের স্ত্রী এবং চাচকিয়া ব্র্যাক মাধ্যমিক স্কুলের শিক্ষিকা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গীতা রানী বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রেখে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্বজনদের খোঁজাখুঁজির একপর্যায়ে টয়লেটের ট্যাংকি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ক্রাইম সিন ইউনিটকেও খবর দেওয়া হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









