জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বরগুনায় ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (সিআরআইএমপি) এর আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনার কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার, গ্রিন ক্লাইমেট ফান্ড, জার্মান কো-অপারেশন এবং কেএফডব্লিউ'র অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিআরআইএমপি প্রকল্পের পরিচালক মো. আব্দুল খালেক।
এছাড়া এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ রহমত-ই-খুদা, সিআরআইএমপি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মেহমুদ মোর্শেদ উল আমিনসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ, উপজেলা প্রকৌশলী, পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় প্রকল্পের আওতায় বরগুনা জেলায় ১৫টি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ, ৬টি সাইক্লোন শেল্টার পুনর্বাসন এবং প্রায় ৩০ কিলোমিটার ইউনিব্লক ও বিটুমিনাস সড়ক নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে কেএফডব্লিউ নীতিমালা ও অনুমোদিত ডিজাইন স্ট্যান্ডার্ড অনুসরণ করে কাজ বাস্তবায়নের বিষয়ে ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, “প্রকল্পের আওতায় নির্মিত সাইক্লোন শেল্টার ও যোগাযোগ অবকাঠামো দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও জনসেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”
সিআরআইএমপি প্রকল্পের পরিচালক মো. আব্দুল খালেক বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে টেকসই ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের প্রতিটি কাজ নির্ধারিত মান ও সময়সীমা অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে উপকৃত হয়।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









