ঢাকার ধামরাই উপজেলার বকচর এলাকায় অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার পর মুহূর্তেই কারখানা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন পাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে কারখানাটির প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সমন্বিত অভিযানের ফলে প্রায় ১০ কোটি টাকা মূল্যমানের কাঁচামাল ও প্রস্তুত পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে, যা আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটিকে রক্ষা করেছে।
অগ্নিকাণ্ডে কারখানার দুই কর্মী—মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬) আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে ফায়ার সার্ভিসের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









