ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক মানবিক সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল, প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব রায়হান কবির এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব রায়হান কবির বলেন, “যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে গত বছরের জুলাই মাসে এ সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ফিলিস্তিনে খাদ্য, বিশুদ্ধ পানি ও নগদ অর্থসহ ১২টি মানবিক প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায়ও নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সবার দোয়া ও সমর্থন অব্যাহত থাকলে ভবিষ্যতেও মানবতার কল্যাণে আরও ব্যাপক পরিসরে কাজ করে যেতে পারব।”
সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী, সহযোগী ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিশেষভাবে গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা, তাঁদের আন্তরিক সহযোগিতা ও ধারাবাহিক সংবাদ প্রচারের ফলে আমাদের মানবিক কার্যক্রম মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছেছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য, মানবতার সেবায় হ্যান্ডস ফর হিউম্যানিটিকে আরও কার্যকর ও বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়া। মানুষের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে আরও শক্তভাবে দাঁড়াতে পারব।”
উল্লেখ্য, হ্যান্ডস ফর হিউম্যানিটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং ইবি ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনার মাধ্যমে সংগঠনটি কাজ করে চলেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









