জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের অবকাঠামোকে আরও দুর্যোগ সহনশীল করতে বাস্তবায়নাধীন Climate Resilient Infrastructure Mainstreaming Project (CRIMP)-এর বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক।
শুক্রবার (৩১ জুলাই) সকালে প্রকল্প পরিচালক প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বরগুনার তালতলী উপজেলার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর পঁচাকোরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন দুর্যোগ সহনশীল সাইক্লোন শেল্টার ভবনের স্থান পরিদর্শন করা হয়। এ সময় প্রকল্প পরিচালক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু ও সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে প্রকল্প পরিচালক আব্দুল খালেক বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ক্ষতি কমাতে আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়ন হলে মানুষের জানমাল ও গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও উন্নত পরিবেশ সৃষ্টি হবে।
এদিকে একই প্রকল্পের আওতায় গতকাল বরগুনা সদর উপজেলার নিমতলী আজিজিয়া মৈঠা ও বাইশতবক এলাকার চলমান উন্নয়নকাজও পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কাজের অগ্রগতি, নকশা বাস্তবায়ন এবং কারিগরি মান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, সিআরআইএমপি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন অবকাঠামোগুলো উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সর্বোচ্চ মান নিশ্চিত করে কাজ এগিয়ে নিচ্ছি।
পরিদর্শনকালে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, কর্মকর্তাবৃন্দ, কনসালটেন্ট, ঠিকাদার প্রতিনিধি এবং স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









