গোপালগঞ্জের মধুমতি নদী থেকে ঢাকার গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী নাফিস আশরাফ (২১)-এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে দুই দিন আগে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নাফিস গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহটি নিহতের পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









