রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রাজশাহীগামী একটি ড্রামবোঝাই ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের লিডার মো. রেজোয়ান মন্ডলের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল রাত ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহনপুর উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন (১৬) মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাঁকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে রাতুল মিয়া (১৫)-কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রাতুলের বড় ভাই স্বাধীন মিয়া (১৭) গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার জানান, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









