প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭৬ সালে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন।
তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪ সালের আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে উঠেছে। শুধু শহর নয়, প্রতিটি গ্রামগঞ্জে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে। নজরুল শুধু বিদ্রোহী কবি নন, তিনি যেমন খোদাভীরু কবি, তেমনি প্রেমের কবি। তিনি হিন্দু-মুসলিম সকলের কবি। তিনি শ্যামাসংগীত লেখার পাশাপাশি ইসলামী সংগীতও রচনা করেছেন। আমরা তাঁর সাহিত্য থেকে ন্যায়-অন্যায় বোধ শিখছি।
রিজভী আহমেদ বলেন, বিরোধী দল বুঝতে পারে না যে বিএনপি সরকার কী পরিবর্তন করেছে। বিএনপির কয়েক মাসের আমলে গুম হচ্ছে না, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না, শেয়ারবাজার কেলেঙ্কারি হচ্ছে না। কোনো প্রকার নিত্যপণ্যের দাম বাড়েনি, এটাই পরিবর্তন। আগের মতো পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষক আত্মহত্যা করত না। এখন কৃষক পাটের ন্যায্য দাম পাচ্ছে। বিরোধী দলকে উদ্দেশে করে রিজভী বলেন, আপনারা বলেন, আধিপত্যবাদের কাছে মাথা নত না করায় আপনারা ক্ষমতায় আসতে পারেননি। অথচ বিএনপির সাথে জোট করে পেয়েছিলেন ১৮ আসন আর জোট থেকে বের হয়ে পেয়েছিলেন ৩ আসন।
তিনি আরো বলেন, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে এটাই স্বাভাবিক, কিন্তু মিথ্যা অপপ্রচার চালাবেন না। বিএনপি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, তার সব বাস্তবায়ন করবে। ইতিমধ্যে খাল কাটা ও সব কার্ড দেওয়া শুরু হয়েছে।
বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, বিএনপি সরকার দেশের বন্ধ কলকারখানা চালু করার চিন্তা-ভাবনা শুরু করেছে। শুক্রবার বিকেলে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। এসময়, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এসময়, জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মাহমুদুল হক চৌধুরী স্বপনের সঞ্চালনায় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক যথাক্রমে ড. মুন্সি আবু সাইফ ও মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সবাই সচেতন থাকুন। ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পাতা ফাঁদে কেউ পা দেবেন না। ফ্যাসিবাদ ফিরে আসলে আমরা কেউ বাঁচতে পারব না।
এর আগে, প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ নাটোর চিনিকল পরিদর্শন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









