শরীয়তপুরের জাজিরায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় শনিবার পর্যন্ত জাজিরা থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার মুলনা ইউনিয়নের রসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রসের মোড় এলাকার রাজা মিয়া ওরফে কুদ্দুস ফরাজির সঙ্গে তার ভাতিজা মানিক ফরাজি ও রাজিব ফরাজির মধ্যে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও বিরোধের অবসান হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগী রাজা মিয়া ওরফে কুদ্দুস ফরাজির অভিযোগ, বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে না থাকার সুযোগে মানিক ফরাজি, রাজিব ফরাজি ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বসতঘরে ভাঙচুর করে এবং তার বৃদ্ধ মা ও দুই শিশুসন্তানকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর তার বৃদ্ধ মা ও সন্তানরা আতঙ্কিত হয়ে পড়েন।
রাজা মিয়া বলেন, “আমি বাড়িতে ছিলাম না। আমার বৃদ্ধ মা ও ছোট দুই সন্তান বাড়িতে ছিল। টাকা সংক্রান্ত বিরোধের জেরে তারা ফাঁকা বাড়িতে ঢুকে বসতঘরে ভাঙচুর করেছে। এতে আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মানিক ফরাজি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলা হচ্ছে। তবে তিনি ও রাজিব ফরাজি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো ভুক্তভোগী পক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









