ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’র মহরতে অংশ নিতেই তার এই বাংলাদেশ সফর বলে জানিয়েছেন ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল।
পরিচালক বলেন, “আজ রাতে আমাদের সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ সময় সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সে কারণেই মধুমিতা সরকার বাংলাদেশে এসেছেন।”
তিনি জানান, শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ছবিটির শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সিনেমাটির শুটিং কবে শুরু হবে জানতে চাইলে পরিচালক বলেন, “আজ শুধু মহরত। সিনেমার শুটিং শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে।”
জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। ছবিটিতে দেশ-বিদেশের একঝাঁক তারকা অভিনয় করবেন। নারীপ্রধান এই সিনেমায় মধুমিতা সরকারকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।
সিনেমাটির শিল্পী তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। বিশেষ চমক হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মহরতের অনুষ্ঠানে সিনেমাটির আরও শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









