পরকীয়া ও অনৈতিক সম্পর্কের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখা।
শুক্রবার (৩১ জুলাই) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শরীফ বেপারীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে ভোলা লালমোহনে এক ব্যবসায়ীর স্ত্রীকে কেন্দ্র করে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। ভুক্তভোগী স্বামী টুটুলের অভিযোগ, ২০২৩ সালে বিয়ের পর থেকেই তার স্ত্রীর সঙ্গে শরীফ বেপারীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রতিবাদ করায় তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। এছাড়া সাংবাদিকদের হাতে আসা কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটেও এর সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিজাম উদ্দিন বাবু জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করেই সংগঠন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তবে অভিযুক্ত শরীফ বেপারীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় রাজনৈতিক মহলে ছাত্রদলের এই সিদ্ধান্তকে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় একটি তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









