সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে অরুণ দেব নাথ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (গত রাতে) রাত ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অরুণ দেব নাথের লাশ উদ্ধার করে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—ভবানীপুর এলাকার অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার পাশের মইয়ার হাওর পাড়ের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ভবানীপুর থেকে কয়েকজন গিয়েছিলেন। রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









