যশোরের চৌগাছা কাঁচাবাজারে প্রস্তাবিত মসজিদের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, বর্তমান নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ হলে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং কয়েক হাজার মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে।
শনিবার (১ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান চৌগাছা কাঁচাবাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা।
লিখিত বক্তব্যে দোকান মালিক সমিতির সভাপতি শফি উদ্দিন বলেন, চৌগাছা মডেল মসজিদের জন্য বর্তমানে নির্ধারিত স্থানে নির্মাণকাজ শুরু হলে কাঁচাবাজারের প্রায় ৮৪ শতাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এতে প্রায় ৬০ থেকে ৭০টি ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রায় ১২০টির বেশি পরিবার জীবিকা সংকটে পড়বে।
তিনি জানান, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে একটি রিট মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনার পরও সংশ্লিষ্ট স্থানে মসজিদ নির্মাণের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, তারা মসজিদ নির্মাণের বিরোধী নন। তবে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের জীবিকা রক্ষায় মসজিদের স্থান পরিবর্তন করে পাশের খাসজমি বা উপযুক্ত বিকল্প স্থানে নির্মাণের দাবি জানান। তাদের মতে, এতে ধর্মীয় স্থাপনা যেমন নির্মাণ করা সম্ভব হবে, তেমনি ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হবে না।
তারা আরও অভিযোগ করেন, মসজিদ নির্মাণের বিষয়টি কেন্দ্র করে কিছু ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বার্থ বিবেচনায় বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি শফি উদ্দিন, সাধারণ হাট মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সেন্টু, আনিছুর রহমান, আবু মুসা, শফিউর রহমান, মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









