যশোরে সুমনা বেগম নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলে জামাতা ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের বাবা মোমিন গাজী। একই সঙ্গে মামলার তদন্তে প্রভাব বিস্তার ও হুমকির অভিযোগে এক জামায়াতের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শনিবার (১ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে ভুক্তভোগী পরিবার।
লিখিত বক্তব্যে নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান জানান, ২০১৮ সালে কোতোয়ালি থানার মুনসেফপুর এলাকার জসিম মোল্লার সঙ্গে সুমনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুমনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল স্বামীর পরিবার।
পরিবারের অভিযোগ, গত ২৯ জুলাই রাতের কোনো এক সময়ে সুমনাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালাতে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা আদালতে হত্যা মামলা দায়ের করলেও মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত জসিমের চাচাতো ভাই ও স্থানীয় জামায়াতের থানা আমির আশরাফ হোসেন বাদীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং তদন্তে অনৈতিক প্রভাব বিস্তার করছেন।
সংবাদ সম্মেলন থেকে সুমনা হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছে নিহতের পরিবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









