ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিলে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারের সালেহপুর সেতুসংলগ্ন একটি গার্মেন্টস কারখানার সামনে ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী মশাল মিছিল করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ধাওয়া দিলে অধিকাংশ অংশগ্রহণকারী পালিয়ে যান। এ সময় ৯ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) এবং রমজান (৩০)।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ওয়ালিউর রহমান শিবলী নিষিদ্ধ ছাত্রলীগের আদাবর থানার সাবেক সভাপতি ও নবনির্বাচিত সদস্যসচিব। এছাড়া মহিবুল্লাহ আল সাব্বির আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি। অন্যদের সাংগঠনিক পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযানের সময় উদ্ধার করা ডিজিটাল ব্যানার থেকে পুলিশ জানতে পারে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘শোকাবহ আগস্ট’ কর্মসূচির অংশ হিসেবে ওই মশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। এতে পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের পক্ষে আদাবর থানার ৩০ ও ১০০ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন বলে দাবি করেছে পুলিশ।
৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে তাদের তিন দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









