পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচালিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযান চলাকালে মঠের ঘাট এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, বর্জ্য যথাস্থানে ফেলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল-সোহান। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটসের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, তরুণ সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু সৌন্দর্য রক্ষার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, নিরাপদ জীবনযাপন এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’’
তিনি আরও বলেন, ‘‘পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তোলার প্রচেষ্টা আরও গতিশীল করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









