গোপালগঞ্জের কাশিয়ানীতে নির্মাণাধীন গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
শনিবার (১ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলায় হার্ট ফাউন্ডেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পের সার্বিক অগ্রগতি, অবকাঠামোগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি দ্রুত কাজ সম্পন্ন করে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সেলিমুজ্জামান বলেন, গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। খুব শিগগিরই এর কার্যক্রম চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। প্রতিষ্ঠানটি চালু হলে গোপালগঞ্জের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার মানুষও উন্নত হৃদরোগ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
তিনি বলেন, বর্তমানে হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য এ অঞ্চলের রোগীদের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি রোগী এবং স্বজনদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় পর্যায়ে আধুনিক হৃদরোগ চিকিৎসার ব্যবস্থা গড়ে উঠলে সেই ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।
সংসদ সদস্য আরো বলেন, গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনকে একটি আধুনিক, যুগোপযোগী ও জনবান্ধব চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কাজ করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের আশা, হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম চালু হলে গোপালগঞ্জের মানুষকে আর হৃদরোগের চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটতে হবে না। একই সঙ্গে পার্শ্ববর্তী জেলার রোগীরাও এই প্রতিষ্ঠানের বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টদের মতে, গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং হৃদরোগ চিকিৎসায় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









