দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সরেজমিন গবেষণা বিভাগ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) দুপুরে বারির সরেজমিন গবেষণা বিভাগ, এ অনুষ্ঠান আয়োজন করে।
পাবনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বারির জয়দেবপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ড্যাব পাবনা জেলা শাখার সদস্যসচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণকে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মানবিক ও ধর্মীয় দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রবিউল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম হোসাইন মোল্লা, ড. সাখাওয়াত হোসাইন, ড. মোস্তাক আহমেদ, ড. মো. মনিরুজ্জামান, মো. জাহেদুল হাসান, ফাতেমাতুজ জহুরা, মো. তাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









