রাজশাহীর তানোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও অরক্ষিত অবস্থায় থাকার ভবনটির দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা কয়েকটি সিলিং ফ্যান ও জেনারেটরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত গভীর রাতে পৌরসভা সদরের তানোর–মুন্ডুমালা সড়কের পাশে অবস্থিত কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার সুযোগেই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক দাম ৩০ হাজার টাকা।
খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য সচিব ও তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান বলেন, ‘‘ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। মামলা করার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী কী মালামাল চুরি হয়েছে, তা যাচাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









