গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ভোলায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বাদ আসর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর ভোলা বোর্ডিং মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি গণমিছিল বোর্ডিং মসজিদ চত্বর থেকে শুরু হয়ে ভোলা প্রেসক্লাব সংলগ্ন সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটখোলা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা নায়েবে আমীর ও ভোলা-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হারুন অর রশিদ, সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসাইন, পৌর আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মো. রুহুল আমিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর সভাপতি মো. হাসনাইন আহমেদ প্রমুখ।
বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, স্বাধীন বিচার বিভাগের কার্যকারিতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, গুম কমিশন পুনঃপ্রতিষ্ঠা এবং ওসমান হাদীর হত্যাকাণ্ডসহ জুলাইয়ের বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের গণরায়কে যথাযথ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমান ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি।
জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে গণতান্ত্রিক উপায়ে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে গণমিছিলটি সমাপ্ত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









