জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ খেলার পর প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন মিডফিল্ডার হামজা চৌধুরী।
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন হামজা। রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
দলীয় সূত্রে জানা গেছে, ম্যাচটির জন্য একাদশেও আসছে তিনটি পরিবর্তন।
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা ও ফারহান আলী। তাদের জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে হচ্ছে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদকে।
আক্রমণভাগে পরিবর্তন এনে ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল পাওয়া ইব্রাহিমকে শুরু থেকেই খেলানোর পরিকল্পনা রয়েছে। ফলে ভুটান ম্যাচের পরদিন অনুশীলনে চোট পাওয়া ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ একাদশে জায়গা হারাচ্ছেন।
হামজার অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি আগের দিনও নিশ্চিত ছিল না। শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছিলেন, অধিনায়কত্ব নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটিই মেনে নেবেন।
শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তে নেতৃত্বের আর্মব্যান্ড উঠছে তার হাতেই। বাংলাদেশের হয়ে ২৯ বছর বয়সী এই ফুটবলারের নেতৃত্বের অভিজ্ঞতা শুরু হচ্ছে আজই।
ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপসেরা হওয়ার লড়াইও। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে। ড্র করলেও শীর্ষেই থাকবে বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









