জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীর তানোরে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে তানোর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জানা যায়, শনিবার বিকেলে দলীয় ব্যানার ও বিভিন্ন ফেস্টুন হাতে নেতাকর্মীরা মিছিলটিতে অংশগ্রহণ করেন। মিছিলটি তানোর উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন।
মিছিল শেষে গোল্লাপাড়া বাজার মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা জামায়াত ইসলামী আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ডিএম আক্কাস আলীর সঞ্চালনয়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা বিভাগ রাজশাহী জেলার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারী এ্যাড. আ. কাদির, তানোর উপজেলা নায়েবে আমির আনিসুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ. রহিম, রাজশাহী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জুয়েল রানা, তানোর জামায়াতে পৌর আমির মোকসেদ আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের মানুষের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের ভোটের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আজ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার উদাত্ত আহ্বান জানান।
সমাবেশ থেকে বিগত দিনে সংঘটিত গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, গণহত্যার সঙ্গে জড়িত প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়।
একই সঙ্গে জনগণের মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান জামায়াত নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









