গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেছেন, “নার্সারি একটি মানবিক ও পরিবেশবান্ধব ব্যবসা। তাই অসাবধানতাবশত কোথাও পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
শুক্রবার (১ আগস্ট) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠিতে নার্সারি মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে ইউনিসেফ বরিশালের সহযোগিতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের ‘ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রশাসন) এম. এ. মোমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে রোগীর সংখ্যা বৃদ্ধির হার কমতে শুরু করেছে। তবে এ রোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা। নিজের বাড়ি, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব।
তিনি জানান, জেলা তথ্য অফিস সড়ক প্রচার, লিফলেট বিতরণ, কমিউনিটি সংলাপ, চলচ্চিত্র প্রদর্শনসহ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় ইউনিসেফের সহযোগিতায় ডেঙ্গুপ্রবণ এলাকায় যুবসমাজকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালিত হচ্ছে।
সংলাপে ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে মহাপরিচালক বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে নার্সারি এলাকা ও আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরে অলংকারকাঠি মহাসড়কে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত একটি সচেতনতামূলক র্যালিতে নেতৃত্ব দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









