কিশোরগঞ্জে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিলটি বের করা হয়।
এতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আ ম ম আবদুল হক, কিশোরগঞ্জ সদর আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ নেতৃত্ব দেন।
গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন। গণমিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
গণমিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, দুই বছর আগে ফ্যাসিস্ট হাসিনা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জুলাই আন্দোলন দমাতে চেয়েছিলো। কিন্তু হাসিনা জনতার আন্দোলনে পালাতে বাধ্য হয়েছিল। ১২ ফেব্রুয়ারির দুটি নির্বাচনের মধ্যে একটি নির্বাচনের ফলাফল মেনে বিএনপি সরকার গঠন করেছে। তারা গণভোটের রায় মানেনি। রায়কে অবজ্ঞা করলে এই সরকারের পরিণতিও ফ্যাসিস্ট হাসিনার সরকারের মতো হবে।
কর্মসূচিতে জামায়াতে ইসলামী ছাড়াও সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









