পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে একটি ল’ ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
রবিবার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন বলে সরকার জেনেছে। সেই জামিন আদেশ বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।
তিনি আরও বলেন, আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম দ্রুত শেষ করে জামিন বাতিল এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান বেনজীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করে। পরে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।
দুবাইয়ের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, জামিনের শর্ত হিসেবে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও অন্যান্য আইনি কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিলেও এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









