গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী মেট্রো থানায় হস্তান্তর করা হয়।
আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) সকালে বন্দী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কারারক্ষীরা তাকে আরও নিবিড়ভাবে তল্লাশি করেন। এ সময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী মেট্রো থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









