বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আায়োজিত সাত দিনব্যাপী ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি নবনিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আইকিউএসি-এর পরিচালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন (ইনচার্জ) ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক-১ অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নবনিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম, মানোন্নয়ন ব্যবস্থা, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই), গবেষণা, পরীক্ষা ব্যবস্থাপনা, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে সম্যক ধারণা দিতে গত ১৬ জুলাই এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির বিভিন্ন সেশনে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, প্রশিক্ষক এবং ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতিমালা, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই), গবেষণা সংস্কৃতি, পরীক্ষা ব্যবস্থাপনা, প্রশাসনিক কাঠামো, শৃঙ্খলা, স্মার্ট ক্যাম্পাস এবং অ্যাক্রিডিটেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, এ প্রশিক্ষণ নবনিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









