বরগুনার বামনা সদরের আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ আগস্ট) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি ও শিল্পপতি আলহাজ মো. রুহুল আমিন শরিফের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন হাওলাদার, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, অ্যাডভোকেট খান মো. জহিরুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম (এপিএস)সহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি নিরাপদ ও আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান সুমন এবং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









