প্রায় দেড় বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আবারও প্রাণ ফিরেছে। দীর্ঘ সংস্কারকাজ শেষে জুলাই-আগস্ট শহিদ স্মরণে আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
রবিবার (২রা আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন মাঠ ও প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে অন্য অনেক খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করা যায়। বিশ্বে কোন কোন দেশ শুধু খেলার ওপরই গুরুত্ব দিয়ে থাকে। আমাদের ৫৭ একরের ক্যাম্পাসকে বাড়িয়ে আরও ৭৫ একর অধিগ্রহণের পথে অনেক দূর এগিয়েছি। অধিগ্রহণ করা হলে আমরা সেখানে স্পোর্টস কমপ্লেক্স বানাবো। সেখানে আরও খেলার মাঠসহ সুইমিংপুলের ব্যবস্থা রাখা হবে।”
তিনি আরো বলেন, “যারা খেলাধুলা করবে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর। তবে আমি চাই বিশ্ববিদ্যালয়ে জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় তৈরি করতে। খেলা একই সঙ্গে একে অপরের ভ্রাতৃত্ববোধ তৈরি করে। খেলা একটি টিমওয়ার্ক, দলের একজন খেলোয়াড় একা গোল করতে পারে না, তাকে সকলের সহযোগিতা নিতে হয়।”
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ছয়টি ছাত্র দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদ ও চারুকলা অনুষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আগামী ৫ আগস্ট ২০২৬, বুধবার একই মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মাঠ ও খেলার উদ্বোধনের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য ৩ কোটি ৭০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়। ২০২৫ সালের মার্চ মাসে মাঠ সংস্কারের পরিকল্পনা নেওয়া হয় এবং ৯ মে ২০২৫ থেকে সংস্কারকাজ শুরু হয়। এই দীর্ঘ সময় ধরে মাঠ ও খেলাধুলা থেকে বঞ্চিত ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ সংস্কার শেষে প্রায় দেড় বছর পর আবারও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আনুষ্ঠানিকভাবে খেলাধুলা শুরু হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









