বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী তীরবর্তী কর্ণিবাড়ী এলাকায় পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ আগস্ট) বিকেলে পরিচালিত এই আকস্মিক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সারিয়াকান্দির কর্ণিবাড়ী এলাকার যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার ও অন্যান্য মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর তীর ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও গ্রামীণ অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেল আনুমানিক ৪ ঘটিকায় ওই এলাকায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ সময় অপরাধের সাথে সরাসরি জড়িত থাকার দায়ে মাসুদ রানা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৫ (১) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ (১) ধারা অনুযায়ী তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তৎক্ষণাৎ জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, যমুনার ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









