সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙালভিটা সীমান্তে চার দিনের ব্যবধানে আবারও ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারাবাহিক এসব অভিযানের পর সীমান্তে চোরাচালান কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
রবিবার (২ আগস্ট) ভোররাতে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধীন বাঙালভিটা বিওপির সদস্যরা বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের চেঙ্গিছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাঝারি আকারের ২৮টি ভারতীয় গরু জব্দ করেন। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাংলাদেশে পাচারের সময় গরুগুলো জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে গত ২৯ জুলাই ভোরে একই উপজেলার বাকাতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি স্টিল বডির নৌকাসহ ২৮টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। ওই চালানের আনুমানিক সিজার মূল্য ছিল ২৫ লাখ ৩০ হাজার টাকা।
সম্প্রতি একই সীমান্ত এলাকায় চোরাচালানকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনাও সামনে আসে। বাঙালভিটা বিওপির অদূরে রূপনগর সীমান্তে গরুভর্তি একটি ট্রলার আটকের সময় বিজিবির ১১ সদস্যের টহল দলের ওপর একদল চোরাকারবারি হামলা চালায় বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হামলার সময় চোরাকারবারিরা দেশীয় অস্ত্রের পাশাপাশি গাদা বন্দুক থেকে ১৫–২০ রাউন্ড গুলি ছোড়ে। এতে বিজিবির নায়েক মো. আখিরুজ্জামান গুরুতর আহত হন। একই ঘটনায় নিখোঁজ ট্রলার চালক ওমর আলীর ভাসমান মরদেহ দুই দিন পর টাঙ্গুয়ার হাওর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা ও বাকাতলা সীমান্ত দীর্ঘদিন ধরে চোরাচালানকারীদের ব্যবহৃত একটি রুট। তাদের দাবি, এই পথ দিয়ে গবাদিপশুর পাশাপাশি মাদক, চিনি ও বিভিন্ন প্রসাধনসামগ্রীও অবৈধভাবে দেশে আনা হয়। যদিও এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঙালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দ করা গরুগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









