হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকার।
রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, টিএন্ডটি মোড়ে এক মোটর মেকানিকের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য যান সাংবাদিক এসএম জুলফিকার। এ সময় একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন ও সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাংবাদিক এসএম জুলফিকারের অভিযোগ, তার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী টিএন্ডটি মোড়ে চা পান করার সময় পা তুলে বসাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিপনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাকেও হামলার শিকার হতে হয়।
এ ঘটনায় স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার, তার ভাই সবুজ হাওলাদার এবং রিয়াজ উকিলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে অভিযুক্ত রাসেল হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়ানো হয়েছে। অন্য অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গৌরনদীসহ বরিশালের সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিক এসএম জুলফিকারের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









