চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. আব্দুস সালাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুস সালাম উপজেলার মোবারকপুর ডাকঘরের উত্তর ফতেপুর গ্রামের মো. কেতাব উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর গ্রামে এই অভিযান চালায়। এ সময় ৩০ পিস ইয়াবাসহ সালামকে আটক করা হয়। একই সাথে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবি জানায়, আটককৃত আসামি ও জব্দকৃত আলামতসহ মামলা দায়ের করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্তে সকল ধরনের চোরাচালান ও মাদক কারবার রোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









