চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
রোববার (২ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে এসব অবৈধ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ৯৮ বোতল এস্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ৩৯ হাজার ২০০ টাকা। জব্দকৃত এই মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় জমা দেওয়ার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক বিস্তার রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









