শিক্ষার মান বৃদ্ধি ও এমপিওভুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ পরিদর্শন করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক এইচ. এম শামিম আহম্মদ।
রোববার (২ আগস্ট) তিনি মাদ্রাসাটিতে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি শ্রেণি কার্যক্রম, ভৌত অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয় কাগজপত্র পর্যবেক্ষণ করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে ১১৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বর্তমানে ৫ জন শিক্ষক ও ১ জন অফিস সহকারী দিয়ে পরিচালিত হচ্ছে মাদ্রাসাটি। সরকারি অনুদানভুক্ত এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত উপবৃত্তি পাচ্ছে। মাদ্রাসার কোড: ৫৬৯০৪ এবং এমপিও কোড: ০১৩৮২০২৫/৮০৫০১২৯০৪। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. শাহিন আলম।
পরিদর্শন শেষে মাদ্রাসার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পরিদর্শক এইচ. এম শামিম আহম্মদ। তিনি উপস্থিতদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে বলেন, “মাদ্রাসার দীর্ঘদিনের সুনাম ও অবকাঠামোগত অবস্থা বিবেচনায় নিয়ে এমপিওভুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পরিদর্শনকালে মাদ্রাসার প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









