নাটোরে কার্যক্রম নিষিদ্ধ গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার সিধুলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আব্দুল মতিন মাস্টার সিধুলী বাজারে ইউনিয়ন কার্যালয়ে এলে পুলিশ তাকে আটক করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতা মামলায় অভিযুক্ত হওয়ায় আব্দুল মতিন মাস্টারকে সিধুলী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এদিকে, গ্রেপ্তারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। আব্দুল মতিন মাস্টারের স্ত্রী মোছা. সায়রা বেগম বলেন, ‘‘তার স্বামী হৃদরোগে আক্রান্ত এবং তার হার্টে তিনটি রিং পরানো রয়েছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে প্রতি সপ্তাহে তাকে চিকিৎসা গ্রহণ করতে হয়।’’
তিনি আরও দাবি করেন, তার স্বামী বাসা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা-সংক্রান্ত সরকারি দায়িত্ব পালনের বাইরে খুব কমই বাইরে যেতেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এছাড়া, তার স্বামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









