নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশের একটি ঝোপ থেকে গলাকাটা অবস্থায় হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে উদ্ধার করেছেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার (৩ আগস্ট) সকালে শহরের ইসলামবাগ এলাকার চিনি মসজিদ সংলগ্ন রেলওয়ে কারখানার রেললাইনের পাশের ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয়।
আহত হৃদয় ইসলাম উপজেলার চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে। তিনি একটি হোটেলে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
স্থানীয় বাসিন্দা মোছা. সাথী সরকার জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়ে তারা ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় হৃদয়কে পড়ে থাকতে দেখেন। তার গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছাতে কিছুটা সময় লাগায় স্থানীয়রাই তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে তার পকেটে থাকা একটি কাগজে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন।
হৃদয়ের শাশুড়ি মিনা বেগম জানান, দেড় বছর আগে তার মেয়ের সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। তাদের একটি ছোট সন্তান রয়েছে। গত শুক্রবার হৃদয় একই এলাকার মমতাজুল ও জাহাঙ্গীর নামে দুই পরিচিত ব্যক্তির সঙ্গে কাজের উদ্দেশ্যে নাটোরে গিয়েছিলেন। এরপর কীভাবে তিনি আবার সৈয়দপুরে এলেন এবং কারা তার ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাইয়ুল কবির রাজিব বলেন, ‘‘ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের গলা কাটা হয়েছে। এছাড়া তার হাত ও পায়েও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









