লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩ আগস্ট) ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলতে যাওয়ার সময় জীবন মিয়া তাকে ডেকে একটি ফাঁকা টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জীবন মিয়া আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









