পটুয়াখালীর দশমিনা উপজেলার বৈদ্যুতিক সাবস্টেশনে টেকনিক্যাল সমস্যার কারণে টানা প্রায় ২১ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রবিবার (২ আগস্ট) রাত ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ৩ আগস্ট সারাদিনও উপজেলার কোথাও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। মোবাইল ফোন চার্জ, বিশুদ্ধ পানির মোটর চালানোসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজও ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দশমিনা বৈদ্যুতিক সাবস্টেশনে টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে ত্রুটিটি সমাধান করা সম্ভব হয়নি। বিষয়টি জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সোমবার সকালে জেলা থেকে একটি বিশেষ টেকনিক্যাল টিম এসে মেরামতের কাজ করবে। কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ এবং সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হালিম বলেন, “দশমিনায় বিদ্যুৎ বিভ্রাট যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রায়ই কোনো না কোনো টেকনিক্যাল সমস্যার কথা বলে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। আমরা নিয়মিত বিল পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না।”
দশমিনা বাজার ব্যবসায়ীরা জানান, “বারবার একই ধরনের সমস্যার কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা চাই এ সমস্যার স্থায়ী সমাধান করা হোক।”
এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবক জাহানারা বেগম বলেন, “এখন এইচএসসি ও ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। রাতভর অন্ধকারে ও গরমে তাদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে।”
স্থানীয় গ্রাহকদের দাবি, উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণ খুঁজে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে গ্রাহকদের নিয়মিত তথ্য জানানো এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
দশমিনা পল্লী বিদ্যুৎ বিভাগের এজিএম (প্রকৌশলী) জাকির হোসেন বলেন, “গত রাতে দশমিনা পল্লী বিদ্যুতের সাবস্টেশন পাওয়ার হাউসে কিছু বৈদ্যুতিক ক্যাবলে পানি ঢুকে টেকনিক্যাল ত্রুটি দেখা দেয়। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। অভিজ্ঞ টেকনিশিয়ানরা ত্রুটি মেরামতের কাজ করছেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই সব গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









