মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহ ধরে মজুরি বন্ধ থাকার প্রতিবাদে কারখানা প্রাঙ্গণে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন চা-শ্রমিকরা।
সোমবার (৩ আগস্ট) সকাল থেকে বাগানের কারখানার সামনে সমবেত হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, টানা ছয় সপ্তাহ ধরে তাদের সাপ্তাহিক মজুরি (তলব) বকেয়া রয়েছে। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উর্ধ্বগতির এই সময়ে মজুরি না পাওয়ায় চাল-ডালসহ নিত্যপণ্য কেনা অসম্ভব হয়ে পড়েছে। শুধু তাই নয়, সন্তানদের পড়াশোনার খরচ চালানো এবং পরিবারের অসুস্থ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়াও তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। জীবিকার তাগিদে বাধ্য হয়ে অনেকেই চড়া সুদে ঋণ নিচ্ছেন বলে জানান তারা। তাই মানবেতর পরিস্থিতি থেকে মুক্তি পেতে অবিলম্বে সব বকেয়া মজুরি এককালীন পরিশোধের জোর দাবি জানান আন্দোলনরত চা-শ্রমিকরা।
রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, “দ্রুত চা-শ্রমিকদের এই মানবিক সংকটের সমাধান করা না হলে তারা আরও কঠোর ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চা-শ্রমিকদের পাশে দাঁড়াতে সরকারি সহায়তার প্রয়োজন।”
দেওরাছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান বলেন, “চা বোর্ডের সঙ্গে বাগানের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। পাশাপাশি অতিসত্বর যাতে শ্রমিকদের বকেয়া মজুরি বুঝিয়ে দেওয়া যায়, সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









