সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে ফরিদপুরে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) বিকেলে জেলা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় বক্তব্য দেন শ্রমিক নেতা গোলাম আজাদ, বজলুর রশিদ, ইয়াসিন মোল্লা, আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ সোহেল, রাজিবুর রহমান, মিলন বেপারী, সোলেমান মোল্লা, আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেন সুমন ও মারুফ মোল্লা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস মালিক গ্রুপ, ফরিদপুর জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়ন-১০৫৫, ফরিদপুর আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা মাইক্রোবাস মালিক-শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতিসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ট্রাফিক বিভাগের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভায় সড়ক পরিবহন খাতের নানা সমস্যা, যানজট নিরসন, ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা হ্রাস এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে একাধিক সুপারিশও প্রদান করেন।
মালিক ও শ্রমিক নেতারা দাবি করেন, ফরিদপুর বাসস্টেশন ও এর আশপাশে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে বাসস্টেশন সংলগ্ন বেশ কয়েকটি আবাসিক হোটেলে অবৈধ দেহব্যবসা ও মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ তুলে তারা এসব অপরাধ দমনে প্রশাসনের কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তিনি জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তমূলক আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই, প্রয়োজন অনুযায়ী ডোপ টেস্ট পরিচালনা, মাদকাসক্ত বা পরীক্ষায় পজিটিভ চালকদের গাড়ি চালানো থেকে বিরত রাখা, সড়কের ওপর বাজার না বসতে দেওয়া, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং নিশ্চিত করা, পুলিশের টহল জোরদার, হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও সক্রিয় করা এবং মাদকের বিস্তার রোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









