মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোড এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৩ আগস্ট) বিকেলে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২) ও সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রাইভেটকার চালক মুরাদ আলী মিলন (৪৫)।
পুলিশ জানায়, সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, একটি বড় মাদকের চালান নিয়ে সাদা রঙের একটি প্রাইভেটকার মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল রোডস্থ পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৫-৫৬০৫) আটক করে।
পরে গাড়ির চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগীকে আটক করা হয়। এরপর আটককৃতদের দেহ ও প্রাইভেটকার তল্লাশি করে স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান দেশে নিয়ে আসত। পরবর্তীতে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় তা খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করত।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









